দেশ আর কখনো ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হতে পারবে না: জোনায়েদ সাকী

২৩ জানুয়ারী, ২০২৬

চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের একটি স্পষ্ট রায় দিয়েছে, তা হলো বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। যারা অন্যায় করেছে, যারা দমন-পীড়ন চালিয়েছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। এই রায়ের পর বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হতে পারবে না।— এমন মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলন বাংলাদেশ-এর প্রধান সমন্বয়কারী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের প্রার্থী জোনায়েদ সাকী।

শুক্রবার বিকালে বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজার মাঠে পথসভা ও দোয়া মাহফিলের বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সাকী আরও বলেন, ‘যারা দেশকে বিভক্ত করে লাঠির জোরে শাসন করতে চায়। তাদের বিরুদ্ধে আমাদের আপসহীনভাবে লড়াই করতে হবে। এ ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয়। তিনি শুধু লড়াইই করেননি, জাতীয় ঐক্যের প্রয়োজন যখন দেখা দিয়েছে, তখন দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন।’  

বিএনপি সমর্থিত এ প্রার্থী তিনি বলেন, ‘আমরা যে যুগপৎ ধারার আন্দোলন পরিচালনা করে আসছি, সেই একই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি আমাকে সমর্থন জানিয়েছে। মাথাল মার্কায় নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন সে জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’ 

পথসভায় বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একে এম ভিপি মুসার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম. এ খালেক।

এ সময় তিনি বলেন, ‘জোনায়েদ সাকি আমাদের বাঞ্ছারামপুরের জন্য সৌভাগ্যের প্রতীক। আমরা সবাই মাথাল মার্কাকে জয়যুক্ত করব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ম. ম ইলিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, জালাল উদ্দিন বাদল, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসের খান অপু, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, সাবেক আহ্বায়ক ভিপি মুজিবসহ অন্যরা।