ব্রাহ্মণবাড়িয়া-৫; রিকশা প্রতীকের প্রার্থীর মতবিনিময় সভা

২৫ জানুয়ারী, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনে ১০ দলীয় জোটের মতবিনিময় সভায় রিকশা প্রতীকে ভোট চাইলেন বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফী। রবিবার (২৫ জানুয়ারি) সকালে নবীনগর পৌর এলাকার জল্লায় (কনিকাড়া ব্রীজ সংলগ্ন) স্থানীয় কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় মাওলানা ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফী। 

তিনি বলেন, নবীনগরে স্বাধীনতার পর আমিই প্রথম আলেম প্রার্থী। এই প্রথম নবীনগরবাসী কোনো আলেমকে ভোট দেওয়ার সুযোগ পাবে। আমার টাকা-পয়সা নেই, একজন আলেম হিসেবে আপনারা আমাকে ভোট দেবেন। আমি জিতলে জিতে যাবে এদেশের আলেম, মাওলানা, মুফতি। আমি অবৈধ টাকা দেবো না, ইনশাল্লাহ নির্বাচিত হলে অবৈধ টাকা নেবোও না। আমি আপনাদের জন্য আছি, আপনারা আমার জন্য রিকশা মার্কায় ভোট দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার হোসেন নুরী, মাওলানা আবু সুফিয়ান নবীপুরী, মাওলানা ইউসুফ খান, মাওলানা ইব্রাহিম, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা কাইউম ফারুকী, মাওলানা মকবুল হোসেন, মাওলানা আবু বকর, মাওলানা আখতার, মাওলানা আব্দুল খালেক, মাওলানা নুরে আলম, মাওলানা আব্দুল খালেদ, মুফতি আবুল বাশার, মাওলানা আব্দুর রউফ, মাওলানা নুর মোহাম্মদসহ অন্যান্যরা। এসময় নবীনগর উপজেলার ১০ দলীয় জোটের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।