আমি জিতলে আমার আসনে চাঁদাবাজি বন্ধ করব : ফরিদুল ইসলাম

২৭ জানুয়ারী, ২০২৬

বাগেরহাট-০৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আমি বিজয়ী হলে আপনাদের সাথে নিয়েই এ জনপদে চিংড়ি ঘের দখলমুক্ত, সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধ এবং মাদক নির্মূল করব। 

সোমবার বিকেলে বাগেরহাট-০৩ সংসদীয় আসনের রামপালের পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। 

শেখ ফরিদুল ইসলাম বলেন, আমি জিতলে কারো সাথেই কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ করা হবে না। সকল ভেদাভেদ, দলমত, ধর্ম-বর্ণ নির্বেশেষে এখানকার মানুষের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, ও দীর্ঘদিনের দুর্ভোগ সুপেয় পানি নিয়ে কাজ করব।

তিনি বলেন, বাগেরহাট-০৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়াসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। 

এতে সভাপতিত্ব করেন পেড়িখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হাওলাদার রফিকুল ইসলাম। 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, বাংলাদেশ-হিন্দু-বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার, পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোতাহার আলী, উপজেলা যুবদলের সভাপতি মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, মহিউদ্দিন কচি ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন। 

জনসভায় পেড়িখালী ইউনিয়নের সকল ওয়ার্ডের বিপুলসংখ্যক নারীপুরুষ ও নেতা-কর্মী উপস্থিত ছিলেন।