২৯ জানুয়ারী, ২০২৬
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইসিবিআইএসডি-২০২৬)” শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাকিব আনজুম চত্বরে বৃক্ষরোপণ ও বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল ৯টা ৩০ মিনিটে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা সম্মেলনের উদ্বোধন করেন।
এসময় সম্মেলনের প্রধান অতিথিবৃন্দ, অতিথি বক্তা, আয়োজক কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা বলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইসিবিআইএসডি ২০২৬-এর মতো আন্তর্জাতিক সম্মেলন আমাদের গবেষণা কার্যক্রমকে বৈশ্বিক পরিসরে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষাবিদ, গবেষক ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ সৃষ্টি হয়, যা টেকসই ও দায়িত্বশীল ব্যবসা ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য ড. আমজাদ হোসেন বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে টেকসই উন্নয়ন, প্রযুক্তি ও নৈতিকতার সমন্বয় অত্যন্ত জরুরি। এই সম্মেলনের মাধ্যমে উপস্থাপিত গবেষণা ও আলোচনা ভবিষ্যৎ ব্যবসা নীতিনির্ধারণ এবং বাস্তব প্রয়োগে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে।
সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার ফ্যাকাল্টি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট-এর ডিপুটি ডিন (রিসার্চ অ্যান্ড ইনোভেশন) প্রফেসর ড. নরহায়াতি রাফিদা আবদুল রহিম। কী-নোট স্পিকার হিসেবে অংশগ্রহণ করছেন থাইল্যান্ডের মাহিদল বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের অ্যাসোসিয়েট প্রফেসর ড. বাবলু কুমার ধর এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের প্রফেসর ড. এ. বি. এম. মো. আজিজুল ইসলাম।
এছাড়া আমন্ত্রিত বক্তা হিসেবে সম্মেলনে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর প্রফেসর ড. শাকিলা ইয়াসমিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এ. কে. এম. গোলাম রাব্বানী মণ্ডল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলনের চেয়ার, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান এবং ব্যবসা ও আইস অনুষদের ডিন প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, শিক্ষাবিদ ও শিল্পখাতের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে মোট ৩০১টি গবেষণা সারসংক্ষেপ (অ্যাবস্ট্রাক্ট) এবং ২০৫টি পূর্ণাঙ্গ গবেষণা প্রবন্ধ জমা পড়ে। এর মধ্য থেকে বাছাইকৃত ১৬৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপনের জন্য নিবন্ধিত হয়েছে। সম্মেলনে গ্রিন ফাইন্যান্স, ডিজিটাল রূপান্তর, জলবায়ু সহনশীলতা, কর্পোরেট গভর্ন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক এবং ইন্টারনেট অব থিংস (আইওটি)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা ও আলোচনা হচ্ছে।
এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ৯টি দেশের ৫৫৩ জন গবেষক ও লেখক অংশগ্রহণ করছেন এবং ৮০টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান প্রতিনিধিত্ব করছে, যা সম্মেলনটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও গবেষণার গভীরতা তুলে ধরছে।