২৯ জানুয়ারী, ২০২৬
মোংলায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথবাহিনী একটি সফল অভিযান চালিয়ে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর একজন সহযোগীকে আটক করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১টার দিকে মোংলা নদীর নালা সংলগ্ন পিকনিক কর্নার থেকে আটক করা হয় ডাকাত সহযোগী রাসেল হাওলাদারকে (৪০)। বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা রাসেল দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি, অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল।
আটককৃত রাসেল হাওলাদারের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে একই এলাকায় তল্লাশী অভিযান চালানো হলে মোশাররফের কাঠের বোট থেকে ২টি একনালা বন্দুক ও ৮ রাউন্ড তাঁজা গুলি উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটককৃত সহযোগী ও জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।