ব্রাহ্মণবাড়িয়ায় কারাগার থেকে আসামি পলায়ন

০১ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে জামিনপ্রাপ্ত এক আসামির নাম ও ঠিকানা ব্যবহার করে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮) নামে এক হত্যা মামলার আসামি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটলেও শনিবার (৩১ জানুয়ারী) সন্ধ্যায় বিষয়টি প্রকাশ্যে আসে। পলায়নের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত শুরু করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কারাগার সূত্রে জানা গেছে, কসবা থানার একটি হত্যা মামলায় অন্তর্বর্তীকালীন হাজতের পরোয়ানায় গত বছরের ৭ ডিসেম্বর হৃদয়কে জেলা কারাগারে পাঠানো হয়। পরে ২৯ জানুয়ারি দুপুরে নবীনগর থানার একটি মামলার জামিনপ্রাপ্ত আসামি দিদার হোসেনের নাম ও ঠিকানা ব্যবহার করে, অন্যান্য বন্দিদের মুক্তির সময় সুযোগ বুঝে পালিয়ে যান হৃদয়।

এ ঘটনায় কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে তদন্ত চলছে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, গঠিত তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ছাড়া পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।