রাজধানীর হাতিরঝিলে পিকআপের ধাক্কায় পাঠাও চালক নিহত

০২ ফেব্রুয়ারি, ২০২৬

রাজধানীর হাতিরঝিলের দুই নম্বর গেইটে সামনে পিকআপের ধাক্কায় আব্দুল হামিদ খাঁন (৪৫) নামের এক রাইড শেয়ারিং পাঠাও চালক নিহত হয়েছেন বলে জানা গেছে। 

রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। 

উদ্ধারকারী নিহতের প্রতিবেশী মো. কামরুজ্জামান জানিয়েছেন, আব্দুল হামিদ খাঁন পাঠাও চালক ছিলেন।  রবিবার রাতে হাতিরঝিল মহানগর প্রজেক্টের ৮ নম্বর রোডে তার ব্যাবহারিত মোটরসাইকেলটি রেখে বাসায় যাওয়ার পথে হাতিরঝিল দুই নম্বর গেইটের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে একটি পিকআপ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।  পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, ‌নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ জাহানপুর গ্রামের রফিকুল খানের ছেলে আব্দুল হামিদ। বর্তমানে তেজগাঁও কুনিপাড়া এলাকায় থাকতেন।