শ্যামপুরে ট্রান্সপোর্ট কর্মীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

০৩ ফেব্রুয়ারি, ২০২৬

রাজধানীর শ্যামপুরে মো. গোলাম কিবরিয়া (৪৫) নামের এক ট্রান্সপোর্ট কর্মীকে ছুরিকাঘাতে আহত করে ৯০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। 

তিনি জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। 

গোলাম কিবরিয়াকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মেহেদী হাসান জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে শ্যামপুর খন্দকার রোড শেখ কামাল স্কুলের সামনে দিয়ে রিকশাযোগে যাওয়ার সময়ে তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে বাম হাতে ছুরিকাঘাত করে গোলাম কিবরিয়ার কাছে থাকা নগদ ৯০ হাজার টাকা ও তার মোবাইল ফোন নিয়ে যায়। 

তিনি জানান, কিবরিয়া বংশাল বোরাক ট্রান্সপোর্টের কর্মচারী। তার বাসা শ্যামপুর আলমবাগ এলাকায়। রাতে চট্টগ্রাম থেকে ট্রান্সপোর্টের মালামাল নিয়ে ঢাকায় আসেন। কিবরিয়া সেই মালামাল আনলোড করে রিকশায় বাসায় ফেরার পথে এ ঘটনার শিকার হন।