০৪ ফেব্রুয়ারি, ২০২৬
চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম দুই দিনেই দেশে এসেছে ৩২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এতে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৬ কোটি ৩০ লাখ ডলার।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭ কোটি ৭০ লাখ ডলার।
সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯৭৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। যা আগের অর্থবছরের তুলনায় ২২ দশমিক ৩০ শতাংশ বেশি।
এর আগে জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।
এটি ছিল দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।
এদিকে, পুরো ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো একটি অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।