আমার কোনো ক্যাডার বাহিনী নেই: পার্থ

০৯ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমার কোনো ক্যাডার বাহিনী নেই। আমি অন্যায় করি না এবং অন্যায়কারীর প্রয়োজনও নেই। আল্লাহর রহমত ও জনগণের ভালোবাসাই আমার শক্তি।

রবিবার (৮ ফেব্রুয়ারি) চিলি কমিউনিটি সেন্টারে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

পার্থ বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হলে ভোলাকে চাঁদাবাজমুক্ত রাখা হবে এবং ব্যবসায়ী সমাজকে নিরাপদ পরিবেশে ব্যবসা পরিচালনার নিশ্চয়তা দেওয়া হবে। তিনি ব্যবসায়ীদের ছোট ছোট কমিটি গঠন করে সরাসরি তার সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান, যাতে মাঠ পর্যায়ের সমস্যা দ্রুত সমাধান করা যায়।

তিনি আরও বলেন, ভোলায় শিল্পায়ন গড়ে তুলতে হলে জমির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন প্রয়োজন। অনেক বড় শিল্প প্রতিষ্ঠান জমির অতিরিক্ত দামের কারণে ভোলা থেকে ফিরে যায়, যা জেলার উন্নয়নের পথে বড় বাধা।

ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন ও ভোলার অর্থনীতিকে সচল রাখতে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের ওপর গুরুত্বারোপ করে পার্থ আরও বলেন, ভোলায় ইপিজেড প্রতিষ্ঠা ও শিল্পনগরী গড়ে তুলতে পারলে লাখও বেকারের কর্মসংস্থান হবে। 

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জেলার উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানসম্মত হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মসংস্থান নিশ্চিত না হলে উন্নয়ন অর্থবহ হবে না। যে কোনো সংকটে ব্যবসায়ী সমাজ সম্মিলিতভাবে পাশে থেকে এবং আগামী ১২ তারিখ গরুর গাড়ি মার্কাকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

তালহা তালুকদার বাধনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, আবদুর রব আকন, তরিকুল ইসলাম কায়েদ, জিয়া সুপার মার্কেট সমিতির সভাপতি হারুন অর রশীদসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।