পিরোজপুরে দুই আসনে বিএনপি, একটিতে জয় জামায়াতের

১৩ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি আসনের মধ্যে দুইটিতে জয় পেয়েছে বিএনপি প্রার্থীরা। একটি আসনে জয় পেয়েছে জামায়াত ইসলামীর প্রার্থী। গতকাল রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। 

পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা) আসনে এমপি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও জামায়াতের মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী ২৬ হাজার ৪৭৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৫৫ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৯৮৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৪১ হাজার ৩৩৫ জন।  

পিরোজপুর -২ (ভাণ্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ উপজেলা) আসনের ১৬৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী মুক্তিযুদ্ধে ৯নং সেক্টরের বেসামরিক প্রধান সাবেক এমপি ও মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর এর ছেলে ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি সভাপতি আহাম্মেদ সোহেল মঞ্জুর সুমন ১ লাখ ৬ হাজার ৩৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী শামীম সাঈদী পেয়েছেন ৯৭ হাজার ১৪৩ ভোট। এ আসনে মোট ৪ লাখ ৩ হাজার ৫৮৫। 

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া উপজেলা) আসনে মঠবাড়িয়া উপজেলা বিএনপি সভাপতি রুহুল আমীন দুলাল বেসরকারি ফলাফলে ৬৩ হাজার ১৩২ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন প্রার্থী (হাত পাখা) ডা. রুস্তুম আলী ফরাজী পেয়েছেন ৩৫ হাজার ৬২৩ ভোট ও এনসিপির (শাপলা কলি) ড. শামীম হামিদী পেয়েছেন ৩৫ হাজার ৩১২ ভোট।

এ আসনে মোট ভোটার ২ লাখ ৪১ হাজার ৩৬১ জন।