বেড়িবাঁধের গাছ কাটার অভিযোগে মিঠামইন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার

২৬ ফেব্রুয়ারি, ২০২৬

বেড়িবাঁধের গাছ কাটার অভিযোগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের দলীয় সকল পদ স্থগিত করার পর এবার তাকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার সন্ধ্যায় জেলা শহরে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মিঠামইন উপজেলা সদরের কামালপুর বেড়িবাঁধের গাছ কাটার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এই মামলায় জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, মিঠামইন উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মঙ্গলবার মিঠামইন থানায় গাছ চুরির অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় আঙ্গুর মিয়া নামে এক ব্যক্তির নামোল্লেখ এবং অজ্ঞাত ২-৩ জনকে আসামি করা হয়েছে। বেড়িবাঁধের ১২টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ করা হয়েছে মামলায়। এ অভিযোগে মঙ্গলবারই মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের দলীয় সকল পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। 

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণকৃত প্রায় ২০টি মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলার অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি নিজ গাড়ি নিয়ে তার বাড়ি যাওয়ার পথ সুগম করার লক্ষ্যে এ ধরনের অন্যায় ও নিন্দনীয় কাজটি করেছেন। যা দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট বহিঃপ্রকাশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ১৯৯৫-১৯৯৬ সালে বেড়িবাঁধটি নির্মাণ করা হয়। সে সময় বেড়িবাঁধ এলাকায় অনেকগুলো গাছ রোপণ করা হয়।