স্টুডেন্ট ওয়েবের ইফতার ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

২৭ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্ট ওয়েবের উদ্যোগে ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়–এর ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একসময় মির্জাগঞ্জ ছিল অবহেলিত উপজেলা। এখন পটুয়াখালী জেলায় মির্জাগঞ্জের নাম বিশেষভাবে উচ্চারিত হয়। এ অর্জন সম্ভব হয়েছে উপজেলার কৃতী সন্তানদের অবদানে। তাঁরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। আগামী দিনে জাতীয় পর্যায়েও নেতৃত্ব দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, সবার আগে দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। দেশের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হলে এখনই লক্ষ্য নির্ধারণ করতে হবে।

অতিথিরা বলেন, বর্তমান বিশ্বে সুস্থ মানুষ হওয়ার বিকল্প নেই। সুস্থ সমাজ গড়ে তুলতে জ্ঞানভিত্তিক জনশক্তি প্রয়োজন। প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরতে তরুণদের প্রস্তুত হতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের ডিআইজি মো. রুহুল আমিন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন, অ্যাডভোকেট আব্দুস সালাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক জাফর ইমাম শিকদার, বাংলাদেশ মেডিকেলের ডা. নজরুল ইসলাম আকাশ, সিনিয়র সহকারী সচিব মোশারেফ হোসেন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্নু, বিএনপি নেতা ফিরোজ গোলদার এবং ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি আমিনুল ইসলাম, মাহমুদুল হাসান সবুজ ও তানভীর সিদ্দিকী প্রমুখ।

সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মির্জাগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় এসএসসি–২০২৬ ব্যাচসহ গত শিক্ষাবর্ষে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টের বার্ষিক দোয়া ও ইফতার

ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের উদ্যেগে বার্ষিক দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের সিক্স সিজন হোটেল দোয়া ও ইফতারে মন্ত্রিপরিষদের একাধিক সদস্য, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এতে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অবদানের জন্য কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

এতে আরোও উপস্থিত ছিলেন ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হাসান রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, এক্সপার্টস একাডেমি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসি উদ্দিনসহ ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের দীর্ঘ পথচলা এবং আজকের এই সাফল্য সম্ভব হয়েছে সুদৃঢ় টিমওয়ার্কের কারণে। পাশাপাশি আমাদের  বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও কর্মকর্তা-কর্মচারীদের অবিচল আস্থার কারণে। আমরা বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের শক্তি। আগামীতেও আমরা সেবার গুণগত মান অক্ষুণ্ণ রেখে দেশ ও জাতির কল্যাণে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে একইভাবে নিয়োজিত থাকতে চাই।