বাঞ্ছারামপুরকে নিরাপদ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: জোনায়েদ সাকী

২৭ ফেব্রুয়ারি, ২০২৬

মেঘনা সেতু নির্মাণসহ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরকে একটি নিরাপদ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী।

তিনি বলেছেন, জনগণের কল্যাণের জন্য প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। উপজেলার সব ন্যায্য দাবি সরকারের কাছে উপস্থাপন করে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করবো।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে বাঞ্ছারামপুর এমএস পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল ও গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও সামাজিক সচেতনতা বাড়ানো হবে। কৃষকবান্ধব নীতির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাজনৈতিক হানাহানি, মারামারি কিংবা  হয়রানি চলবে না।

জোনায়েদ সাকী বলেন, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশকে দুর্বল করতে নানা ষড়যন্ত্র চলছে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। ধর্মের নামে কোনো ফ্যাসিবাদী শক্তিকে স্থান দেওয়া হবে না।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন ভিপি একেএম মূসা। এসময় সাবেক সংসদ সদস্য এমএ খালেক, উপজেলা বিএনপির সহসভাপতি আবুল আইয়ূম, সাবেক সাধারণ সম্পাদক মম ইলিয়াস, যুগ্ম সম্পাদক  আমিরুল ইসলাম সাজ্জাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মুর্তজা বশির আপেল, ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা লিটন সরকার, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাইদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএইচজেড শুকরী সেলিমসহ দলের বিভিন্ন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।