লালমনিরহাটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত

২৮ ফেব্রুয়ারি, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে রফিকুজ্জামান পলাশ (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পলাশ একটি বহুজাতিক কোম্পানির পাটগ্রাম শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোলাম মোস্তফার ছেলে।  

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে রফিকুজ্জামান পলাশ মোটরসাইকেলযোগে উপজেলার আলাউদ্দিন নগরের দিকে যাচ্ছিলেন। তিনি জোংড়া ইউনিয়নের মোমিনপুর শিমুলতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।