সিরাজদিখানে নিত্যপণ্যের বাজারে অভিযান, চারজনকে জরিমানা

০২ মার্চ, ২০২৬

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে চার ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয় রশিদ সংরক্ষণসহ বিভিন্ন বিষয় তদারকি করা হয়।

অভিযানকালে মুদি, ফল ও সবজির দোকানদারসহ চার ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোষী সাব্যস্ত করা হয়। মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের কাছ থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা অনিয়ম করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি। তিনি জানান, রমজান মাসে বাজারে পণ্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।