১০ হাজার মানুষের সঙ্গে এমপি আনিসুর রহমানের ইফতার

০৬ মার্চ, ২০২৬

মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রায় ১০ হাজার মানুষের সঙ্গে ইফতার করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

শুক্রবার সন্ধ্যায় কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এই বৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ অনুষ্ঠানস্থলে এসে জড়ো হতে থাকেন। ইফতারের সময় হওয়ার আগেই পুরো কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি উপস্থিত সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।

ইফতারের আগে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার শেষে সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।