১২ মার্চ, ২০২৬
বাগেরহাটে অবৈধভাবে পরিচালিত সাতটি ইটভাটায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ কাঁচা ইট ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (১১ মার্চ) বিকেলে সদর উপজেলার বাবুরহাট ও সাতগাছিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়।
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। তার নির্দেশে ভাটাগুলোর কাঁচা ইট ভেঙে ও পানিতে ভিজিয়ে নষ্ট করা হয়।
অভিযানের সময় কোনো ইটভাটা মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে কাউকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
অভিযানে পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক আসাদুর রহমান, সহকারী পরিচালক দেলোয়ার হোসেন, বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশীদসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক আসাদুর রহমান বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ধারা ৬ লঙ্ঘন করে নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহার এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ১২ অমান্য করে পরিবেশগত ছাড়পত্র ছাড়া এসব পাজা পদ্ধতির ইটভাটা পরিচালিত হচ্ছিল।
’
তিনি আরো বলেন, ‘অভিযানে ভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করা হয়েছে এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’