১৪ মার্চ, ২০২৬
ইন্টেল প্রসেসর ব্যবহারকারী পিসি ও ল্যাপটপ গ্রাহকদের জন্য উচ্চ পর্যায়ের নিরাপত্তা ঝুঁকি বা 'হাই-রিস্ক' সতর্কতা জারি করেছে ভারত সরকার। দেশটির কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইন্টেলের বেশ কিছু প্রসেসরে গুরুতর কারিগরি দুর্বলতা ধরা পড়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে হ্যাকাররা ব্যবহারকারীর অজান্তেই সিস্টেমে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে।
কেন এই সতর্কতা?
CERT-In-এর তথ্যমতে, ইন্টেল প্রসেসরের এই ত্রুটি ব্যবহারকারীদের জন্য বিপর্যয়কর হতে পারে। সাইবার অপরাধীরা এই দুর্বলতা ব্যবহার করে টার্গেট করা ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে, সিস্টেমকে অচল করে দিতে পারে এবং ব্যবহারকারীর ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে পারে। বিশেষ করে এন্টারপ্রাইজ বা প্রাতিষ্ঠানিক কাজে যারা ইন্টেল প্রসেসর ব্যবহার করেন, তাদের জন্য এই ঝুঁকি অনেক বেশি।
যেসব প্রসেসর ঝুঁকির মুখে রয়েছে
ইন্টেলের ব্যক্তিগত (Personal) এবং এন্টারপ্রাইজ (Enterprise)— উভয় ধরণের প্রসেসরই এই তালিকার অন্তর্ভুক্ত। উল্লেখযোগ্য কিছু মডেল হলো:
Intel Core Ultra (Series 1 & 2)
Intel Core X-series
Intel Xeon (Scalable, W, E ও D ফ্যামিলি)
Intel Atom (C, P ও X সিরিজ)
সহজ কথায়, বর্তমানে বাজারে থাকা এবং বহুল ব্যবহৃত বেশিরভাগ আধুনিক ইন্টেল প্রসেসরই এই নিরাপত্তা সতর্কবার্তার আওতায় পড়েছে।
ব্যবহারকারীদের জন্য জরুরি পরামর্শ
ইন্টেল ইতিমধ্যে এই সমস্যা সমাধানের জন্য বেশ কিছু Security Advisories বা সুরক্ষা পরামর্শ জারি করেছে। বড় বিপদ এড়াতে ব্যবহারকারীদের দ্রুত নিচের পদক্ষেপগুলো নিতে বলা হয়েছে-
১. সফটওয়্যার আপডেট: আপনার ল্যাপটপ বা পিসির জন্য আসা সর্বশেষ বায়োস (BIOS) এবং সিস্টেম ফার্মওয়্যার আপডেটগুলো দ্রুত ইন্সটল করুন।
২. অফিসিয়াল সাপোর্ট চেক করা: আপনার ডিভাইসের ব্র্যান্ডের (যেমন: HP, Dell, Lenovo) অফিসিয়াল সাপোর্ট পেজে গিয়ে সিকিউরিটি প্যাচ আছে কি না যাচাই করুন।
৩. সতর্কতা অবলম্বন: সিস্টেম পুরোপুরি আপডেট না হওয়া পর্যন্ত অপরিচিত উৎস থেকে আসা কোনো ফাইল বা সন্দেহজনক লিঙ্ক ওপেন করা থেকে বিরত থাকুন।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো সাধারণ ত্রুটি নয়। তাই আপনার ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সিকিউরিটি প্যাচ আপডেট করে নেওয়া প্রয়োজন। সামান্য অসতর্কতা আপনার বড় ধরণের আর্থিক বা ব্যক্তিগত ক্ষতির কারণ হতে পারে।