১৫ মার্চ, ২০২৬
আগামী ১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি শহরের ফরিদপুর গোরস্তানে শায়িত তার নানা-নানি ও খালাসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।
সফরসূচি অনুযায়ী ১৬ মার্চ প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামক স্থানে ১২ কি.মি. খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৩টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন বলে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হক (চকলেট)সহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ফরিদপুর গোরস্তান পরিচালনা কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। গোরস্তান পরিষ্কার-পরিচ্ছন্ন করা, সীমানা প্রাচীর ও প্রধান গেটসহ কবরগুলো ধোয়া-মোছা এবং রঙ করার কাজ শেষ পর্যায়ে রয়েছে।
ফরিদপুর গোরস্তান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র আবু তৈয়ব আলী দুলাল জানান, প্রধানমন্ত্রী তার প্রিয়জনদের কবর জিয়ারত করবেন। ওইদিন গোরস্তানে কোরআন খতমের আয়োজন করা হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। ইতোমধ্যেই প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা গোরস্তান পরিদর্শন করেছেন।
এদিকে, বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী তারেক রহমান সফরে আসার ফলে দিনাজপুরের সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণির মানুষের মনেও দেখা দিয়েছে আনন্দ উচ্ছাস।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে নিশ্ছিদ্র নজরদারি জারি রেখেছেন