নাটোরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

১৭ মার্চ, ২০২৬

নাটোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম আজাদ (৪৯) নামে একজন নিহত হয়েছেন। এ সময় নিহতের ছেলে কাউসার মাহমুদ (২৭) গুরুতর আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকার কদমতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ একই এলাকার শাহাজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে রাস্তায় মোটরসাইকেল রাখা নিয়ে প্রতিপক্ষ হামজা ও রহিমের সঙ্গে আবুল কালাম আজাদের ছেলে কাউসার মাহমুদের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে সোমবার রাতে প্রতিপক্ষের ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে আবুল কালাম আজাদ ও তার ছেলে কাউসার মাহমুদের ওপর হামলা চালায়।

এ সময় ছুরিকাঘাতে বাবা-ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শহরে পৌঁছানোর পর আবুল কালাম আজাদের মৃত্যু হয়। গুরুতর আহত কাউসার মাহমুদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই জামাল উদ্দিন বাদী হয়ে মঙ্গলবার নাটোর সদর থানায় হাফিজ উদ্দিনসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ এজাহারনামীয় আসামি হামিদা বেগম ও আব্দুল হাইকে গ্রেফতার করেছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।