নিরাপত্তা নিশ্চিতে ইরান সব ধরনের সামরিক সক্ষমতা ব্যবহার করবে

২৪ মার্চ, ২০২৬

নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে সব ধরনের সামরিক সক্ষমতা ব্যবহার করবে—এমন কঠোর বার্তা দিয়েছে ইরান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে খাতাম আল-আনবিয়া (সেন্ট্রাল হেডকোয়ার্টার্স)–এর মুখপাত্র এব্রাহিম জোলফাঘারি এই মন্তব্য করেন।

ইরান সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, ইরান খুব বুদ্ধিমত্তা ও শক্তভাবে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে। এই অঞ্চলে বাইরের হরমুজে কোনো দেশের হস্তক্ষেপের অধিকার নেই। তিনি সতর্ক করে বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান প্রয়োজনে ‘প্রতিটি সক্ষমতা’ ব্যবহার করবে।

ফার্স নিউজ এজেন্সির খবর অনুসারে তিনি আরও জানান, আইআরজিসি ইরাকের এরবিলে ব্যাপক হামলা চালিয়েছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এয়ার বেস, সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটি এবং মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিট লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।

এছাড়া ইসরায়েলের আশকেলন, তেল আবিব, হাইফা ও গুশ দান এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথাও উল্লেখ করা হয়।

জোলফাঘারি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘প্রতারণামূলক আচরণ’ ইরানকে যুদ্ধক্ষেত্র থেকে সরাতে পারবে না। শত্রুর মনস্তাত্ত্বিক কৌশল এখন স্পষ্ট হয়ে গেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হবে।