২৬ মার্চ, ২০২৬
শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারণ ফুলেল শ্রদ্ধা জানান।
এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করা হয়েছে। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।