৩১ মার্চ, ২০২৬
এবার ক্যাম্পাস এলাকায় চাঁদাবাজদের তথ্য দিতে গণবিজ্ঞপ্তি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের সামনে থেকে পাবলিক বাসে চাঁদা নেওয়ার বিষয়ে কোনো তথ্য/ভিডিও ক্লিপ থাকলে তা সরবরাহ করতে এ গণবিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে থেকে পাবলিক বাস থেকে চাঁদা নেওয়ার বিষয়ে কালের কণ্ঠে রিপোর্ট প্রকাশ এবং বিষয়টি সোশাল মিডিয়ায় প্রচারিত হয়। উক্ত বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি কেউ উল্লেখিত ঘটনার সাথে সম্পর্কিত কোনো তথ্য/ভিডিও ক্লিপ সরবরাহ করতে চান; তবে তাদেরকে নিম্নস্বাক্ষরকারীর নিকট যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, তথ্য/ভিডিও প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। এটি জামাদানের শেষ তারিখ আগামী ২ এপ্রিল বিকাল ৪ টা পর্যন্ত।