কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

০৪ এপ্রিল, ২০২৬

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আফরান না‌মে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। 

আফরান কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামের আল আমিনের ছে‌লে। 

শিশুটির বাবা আল আমিন বলেন, ঠান্ডা, জ্বর ও শরীরে লালচে ফোঁটা ফোঁটা দাগ দেখা দিয়েছিল। এরপর আফরানকে কুষ্টিয়ায় এক চিকিৎসকের চেম্বারে নিয়ে যাওয়া হয়। তার পরামর্শে শিশুটিকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

তিনি অভিযোগ করে বলেন, ‘বৃহস্পতিবার আফরানের অবস্থার অবনতি হতে থাকে। শুক্রবার ভোরের দিকে খুব খারাপ অবস্থা হলে চিকিৎসক ও নার্সদের ডাকা হয়। কিন্তু তারা সঠিকভাবে সহযোগিতা করেননি। পরে মরদেহ নিয়ে বাড়ি চলে আসি।’

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, হামের উপসর্গ নিয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। ভর্তির দিন থেকেই শিশুর অবস্থা খারাপ ছিল। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু রোগীর স্বজনেরা যাননি। তবুও যতটুকু সম্ভব চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুক্রবার ভোরের দিকে শিশুটি মারা যায়।