প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ নয় ব্যবসায়ীর বৈঠক আজ

০৪ এপ্রিল, ২০২৬

দেশের বেসরকারি খাতের উন্নয়ন ও বিনিয়োগ সম্প্রসারণের উদ্যোগে গঠিত প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিলের (পিএসএসি) প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা সভাকক্ষে সকাল সাড়ে ১০টায় ডাকা এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সভায় অংশ নেবেন অর্থমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ অন্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।

বেসরকারি খাতের প্রতিনিধিত্বে ৯ জন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা আমন্ত্রণপ্রাপ্ত।

 

তাঁদের মধ্যে রয়েছেন ডিবিএল গ্রুপের এম এ জব্বার, প্যাসিফিক জিন্স গ্রুপের সৈয়দ মোহাম্মদ তানভীর, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ-আরএফএল গ্রুপের আহসান খান চৌধুরী ও এসিআই লিমিটেডের ড. আরিফ দৌলা প্রমুখ।

 

কাউন্সিলের লক্ষ্য হলো—বেসরকারি খাতের চ্যালেঞ্জ শনাক্ত করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা। প্রথম সভায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নীতি প্রণয়ন নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় এরই মধ্যে সব সদস্যকে সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে।

 

উল্লেখ্য, ৩১ মার্চ ২০২৬-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১ ফাহমিদ ফারহান স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে সভার আয়োজন নিশ্চিত করা হয়।