শেকৃবিতে স্মার্ট কৃষি ও টেকসই উন্নয়নের ওপর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

০৪ এপ্রিল, ২০২৬

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ‘স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এএসভিএম অনুষদের কনফারেন্স রুমে অনলাইন ও অফলাইনে ৭টি দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞানী, গবেষক এবং প্রযুক্তিবিদরা অংশগ্রহণ করেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি অধ্যাপক ড. শামসুল আরেফিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেবা ইসলাম সিরাজ।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, বর্তমানে ডিজিটাল প্রযুক্তি কৃষকদের দোরগোড়ায় পৌঁছে গেছে। মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকরা আবহাওয়া, বাজারদর এবং বালাই ব্যবস্থাপনা সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পাচ্ছেন। ইউজিসি বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর গবেষণার সক্ষমতা বাড়াতে এবং স্মার্ট কৃষি শিক্ষাকে আরও ত্বরান্বিত করতে কাজ করে যাচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম কৃষি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্মার্ট কৃষির প্রসারে অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা জিআইএস, রিমোট সেন্সিং এবং এগ্রো—রোবটিক্সের মতো উন্নত ল্যাব সুবিধা তৈরির মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তুলতে কাজ করছি।

তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়নে ইউজিসি ও সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেন।

সম্মেলনের ২৯টি গবেষণা পত্র বিভিন্ন টেকনিক্যাল সেশনে গবেষকরা স্মার্ট সেন্সর, আইওটি  এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে কীভাবে কৃষি উৎপাদন বাড়ানো এবং ঝুঁকি কমানো যায় সে বিষয়ে আলোকপাত করেন এবং ২টি বেস্ট গবেষণাপত্রের জন্য দুই টিমকে ক্রেস্ট ও ১০ হাজার টাকা সম্মাননা এবং বেস্ট পোস্টার প্রেজেন্টেশন একজনকে পুরস্কার প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি উপ-উপাচার্য অধ্যাপক বেলাল হোসেন।