০৪ এপ্রিল, ২০২৬
আশুলিয়ায় পৃথক অভিযানে চারজন মাদক কাবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. সামাদ ভূঁইয়া ও তার ভাড়াটিয়া সান্নান বাবুকে ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
অপরদিকে একই দিন বিকাল সাড়ে ৫টার দিকে ধামরাইয়ের জগৎনগর এলাকায় আরেকটি অভিযান চালিয়ে কবির হোসেন ও আলামিন নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের মধ্যে কবির হোসেনের বিরুদ্ধে চারটি এবং আলামিনের বিরুদ্ধে দুইটি মাদক মামলা রয়েছে।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।