০৫ এপ্রিল, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষধর সাপের কামড়ে মো. সামির মিয়া (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামির ধনাশী গ্রামের মো. সোরাফ মিয়ার ছেলে।
শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আর মজিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার দুপুরে সামির তার কাকার সঙ্গে বিলে ধানখেতের আইল দিয়ে হাঁটছিল। সেই সময় বিষধর সাপে কামড়ালে সে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি গ্রামাঞ্চলে সাপের উপদ্রব বেড়েছে, বিশেষ করে ঝোপঝাড় ও বসতবাড়ির আশপাশে সাপের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে।