০৬ এপ্রিল, ২০২৬
রাজশাহীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার বিকালে নগরীর বোয়ালিয়া থানায় ভুক্তভোগী ছাত্রী বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলায় রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা পশ্চিমের আহ্বায়ক, পদ্মা গার্ডেন এলাকার বাসিন্দা মনিরুজ্জামান শান্ত (৪২) ও তার ভাই মো. শুভকে (৩২) আসামি আসামি করা হয়েছে। এছাড়া আরো অজ্ঞাতনামা আসামি করা হয়েছে তিন–চারজনকে।
ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় ছাত্রী মামলায় অভিযোগ করেন, গত শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে পদ্মা গার্ডেনে অনুষ্ঠিত ‘প্রথম রাজশাহী লিটারারি ফেস্টিভ্যাল-২০২৬’ দেখতে যান। এসময় সেখানে মোটরসাইকেল রাখা হয়েছিল। সেখানে মোটরসাইকেল রাখার টিকিট বিক্রি করছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা মনিরুজ্জামান শান্ত ও তাঁর অনুসারীরা। মোটরসাইকেল রাখা নিয়ে ওই ছাত্রী ও তার বন্ধুর সঙ্গে গ্যারেজের টিকিট বিক্রি করা নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার কথা-কাটাকাটি হয়। এসময় ওই ছাত্রী টিকিট বিক্রির অনুমতি আছে কিনা জিজ্ঞাসা করলে, টিকিট বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিরা অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন এবং ভয়ভীতি দেখাতে থাকেন। একপর্যায়ে মনিরুজ্জামান এসে ওই ছাত্রীকে গালাগাল করেন। ওই ছাত্রী প্রতিবাদ করলে মনিরুজ্জামান অশালীন অঙ্গভঙ্গি করে ধর্ষণের হুমকি দেন।
মামলায় আরও উল্লেখ করা হয়, ওই ছাত্রীর সঙ্গে থাকা বন্ধু এ ঘটনার প্রতিবাদ করলে তাদের দুইজনকেই মারধর ও প্রাণনাশের হুমকি দেন মনিরুজ্জামান ও তার সঙ্গে থাকা লোকজন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ওই ছাত্রী ও তার বন্ধু ঘটনাস্থল ত্যাগ করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।