ফের ভিয়েতনামের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তো লাম

০৭ এপ্রিল, ২০২৬

ভিয়েতনামের আইনপ্রণেতারা মঙ্গলবার সর্বসম্মতভাবে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক তো লামকে নতুন করে আগামী পাঁচ বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন।এর মাধ্যমে তিনি গত কয়েক দশকের মধ্যে ভিয়েতনামের সবচেয়ে শক্তিশালী নেতায় পরিণত হলেন। বহু প্রত্যাশিত এই পদক্ষেপ ভিয়েতনামের ঐতিহ্যবাহী ‘সম্মিলিত নেতৃত্ব’ ব্যবস্থা থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে।

সম্মিলিত নেতৃত্ব ব্যবস্থায় পার্টির সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্ট পদে আলাদাভাবে দুইজন মানুষ নেতৃত্ব দেন।

কিন্তু তো লাম একাই এই দুই পদে নেতৃত্ব দিচ্ছেন। তিনি ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্ট।

বিশ্লেষকরা বলছেন, এই একক শাসনব্যবস্থায় একজনের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ায় দেশটিতে কর্তৃত্ববাদী শাসন আরও বাড়তে পারে। তবে প্রতিবেশী চীনের মতো এখন ভিয়েতনামেও অনেক দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে।

তো লাম ২০২৪ সালের অগাস্টে দলের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর, ২০২৬ সালের জানুয়ারিতে পুনরায় দলীয় প্রধান নির্বাচিত হন এবং ৭ এপ্রিলে তিনি ফের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পাঁচ বছর (২০২৬-২০৩১) মেয়াদে।

পার্লামেন্টের ওয়েবসাইটে জানানো হয়, মঙ্গলবার ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনে উপস্থিত ৪৯৫ জন প্রতিনিধির সবাই কমিউনিস্ট পার্টির এই মনোনয়নকে সমর্থন জানিয়েছেন। মাত্র পাঁচ জন আইনপ্রণেতা অনুপস্থিত ছিলেন।

গত মার্চ মাসের শেষ দিকে এক বৈঠকে শীর্ষ এই পদগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছিল।

তো লাম মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পাশাপাশি ন্যাশনাল অ্যাসেম্বলির আরেক অধিবেশনে লে মিন হুংকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সর্বসম্মতভাবে নির্বাচিত করা হয়েছে।