নারায়ণগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

০৭ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা বজায় ও মূল্যতালিকা না রাখায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকায় অবস্থিত সেন্ট্রাল মেডিকেল সার্ভিস এবং বিবি রোডে অবস্থিত মেডিহেলথ ডায়াগনস্টিক সেন্টারকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাশেদ খান। এ সময় সদর মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান বলেন, সেন্ট্রাল মেডিকেল সার্ভিসে সাধারণ পরিচ্ছন্নতা বজায় না রাখা, মূল্যতালিকা যথাযথ স্থানে প্রদর্শন না করায় ২০ হাজার টাকা এবং মেডিহেলথ ডায়াগনস্টিক সেন্টারে মূল্যতালিকা যথাযথ স্থানে প্রদর্শন না করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।  

ভবিষ্যতেও জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।