১৬ জুলাই, ২০২৬
সমুদ্রে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিখোঁজ হওয়ার দুই দিন পর রুবেল হাওলাদার (২৮) নামের এক ট্রলার মাঝির মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।
বুধবার (১৫ জুলাই) দুপুরে কুয়াকাটার চর গঙ্গামতি সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে রুবেলের স্বজনেরা তার মরদেহ শনাক্ত করেন।
রুবেল পর্শ্ববর্তী রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের আবুল কালাম হাওলাদারের ছেলে। তিনি নিজ মালিকানাধীন মাছ ধরা ট্রলারের মাঝি ছিলেন।
জানা গেছে, গত সোমবার বেলা ১১টার দিকে রাবনাবাদ চ্যানেলে পায়রা সমুদ্রবন্দরের তিন নম্বর বয়া সংলগ্ন গনির টেক এলাকায় অন্যদের সঙ্গে মাছ ধরছিলেন রুবেল। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন। এ ঘটনায় একই ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হয়েছিলেন। পরে স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করলেও রুবেলকে আরও খুঁজে পাওয়া যায়নি।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।