১১ এপ্রিল, ২০২৬
সিলেটে মসজিদের নামকরণ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের লক্ষ্যে ডাকা সালিশ বৈঠকে মারামারি করে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) বিকালে সিলেট মেট্রোপলিটনের জালালাবাদ থানার আওতাধীন মোঘলগাঁও ইউনিয়নের গালংশাহ গ্রামের পঞ্চায়েতি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন দিলবর। নিহত দেলোয়ার হোসেন দিলবর ওই গ্রামের মৃত মখন মিয়ার ছেলে। এসএমপির মুখপাত্র মো. মনজুর আলম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত কয়েক দিন ধরে গালিম গ্রামের মসজিদের নামকরণ নিয়ে দুপক্ষের বিরোধ চলে আসছিল। বিষয়টি সমাধানের লক্ষ্যে শুক্রবার জুমার পর দুপক্ষ সালিশে বসে। এ সময় উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক উত্তেজনায় রূপ নিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন দিলবর। তাকে দ্রুত রাগীব রাবেয়া মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর সন্ধ্যায় তার লাশ ওসমানী মেডিকেল মর্গে প্রেরণ করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব বলেন, গালংশাহ ও খাসের গাওয়ের লোকজনের মধ্যে মসজিদের নামকরণ নিয়ে কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এমন সময় প্রতিপক্ষের লোকজন দেলোয়ার হোসেন দিলবরের ঘাড়ে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর রাত ১০টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।