রাজারহাটে ভেজাল কীটনাশক বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

১৩ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অনুমোদনহীন ও ভেজাল কীটনাশক বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিংগারডাবড়ীহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান।

অভিযানকালে ‘রিসা বীজ ভান্ডার’ নামের একটি দোকান থেকে অনুমোদনহীন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড কোম্পানির ৬২৬টি প্যাকেট বালাইনাশকসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। পরে জব্দকৃত পণ্যগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

আদালত সূত্র ও উপজেলা কৃষি বিভাগ জানায়, লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের বাজারজাতকৃত ৭৪টি পণ্যের মধ্যে মাত্র ৮টির সরকারি অনুমোদন রয়েছে। অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভেজাল সার ও কীটনাশক বিক্রির সত্যতা প্রমাণিত হলে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

এ সময় কোম্পানির প্রতিনিধিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, ভেজাল ও অনুমোদনহীন কীটনাশক ব্যবহারে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি অনেক ক্ষেত্রে ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।