১৫ এপ্রিল, ২০২৬
নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনব্যাপী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় জেলার সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন নতুন বছরকে স্বাগত জানিয়ে নানা কর্মসূচির আয়োজন করে।
এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় ‘আই লাভ কুড়িগ্রাম’ চত্বর থেকে সম্মিলিত বৈশাখী শোভাযাত্রা বের হয়। কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ও পুলিশ সুপার ফজলে রাব্বির নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই চত্বরে এসে শেষ হয়।
এছাড়া কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের নেতৃত্বে কলেজ মোড় থেকে আরেকটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
শোভাযাত্রাগুলোতে কুড়িগ্রাম সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা রঙিন ব্যানার, ফেস্টুন ও মুখোশ হাতে নিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানান।
পরে ‘আই লাভ কুড়িগ্রাম’ চত্বরে জেলা শিল্পকলার শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা লোকসংগীত, নৃত্য, কৌতুক ও আবৃত্তি পরিবেশন করেন।
এছাড়া দিনব্যাপী বিভিন্ন সংগঠনের উদ্যোগে শিশু-কিশোরদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় দিনব্যাপী লোকজ মেলা।