ভিকারুননিসায় স্কুল শাখাতেও শুরু হচ্ছে অনলাইন ক্লাস

১৫ এপ্রিল, ২০২৬

কলেজ শাখার পর এবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল শাখাতেও অনলাইন এবং অফলাইন মিলিয়ে নতুন ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে সপ্তাহে তিন দিন সরাসরি (অফলাইন) এবং তিন দিন অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির এক নোটিশে জানানো হয়, শনিবার, সোমবার ও বুধবার অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস নেওয়া হবে। অনলাইন ক্লাসের রুটিন ও ক্লাসে যুক্ত হওয়ার লিংক সংশ্লিষ্ট শ্রেণিশিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাস গ্রুপে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। 

এর আগে একই নিয়মে কলেজ শাখায় ক্লাস কার্যক্রম শুরু করা হয়। গত ১২ এপ্রিল থেকে সেখানে পরীক্ষামূলকভাবে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইন ক্লাস চালু করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মূলত জ্বালানি সংকট মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ ব্যবস্থা আপাতত ঢাকা মহানগর এলাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবায়ন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি।