এক ম্যাচ নিষিদ্ধ হলেন হ্যারি ম্যাগুয়ের

১৫ এপ্রিল, ২০২৬

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি শৃঙ্খলাজনিত সমস্যায় জর্জরিত ম্যানচেস্টার ইউনাইটেড। অফিশিয়ালের সাথে অশোভন আচরণের দায়ে এবার শাস্তির মুখে পড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের। ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৩০ হাজার পাউন্ড জরিমানা করেছে। ফলে চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে রেড ডেভিলদের।

ঘটনার সূত্রপাত বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে। সেখানে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় চতুর্থ অফিশিয়াল ম্যাট ডোনোহুর সাথে তর্কে জড়িয়ে পড়েন ৩৩ বছর বয়সী এই ইংলিশ ডিফেন্ডার। অভিযোগ ওঠে, ম্যাগুইয়ার গালিগালাজ এবং আক্রমণাত্মক আচরণ করেছেন। এফএ-এর স্বাধীন রেগুলেটরি কমিশন তদন্ত শেষে বুধবার এই শাস্তির ঘোষণা দেয়। ম্যাগুইয়ার নিজেও তার দোষ স্বীকার করে নিয়েছেন।

এর আগে বোর্নমাউথের বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখায় লিডস ইউনাইটেডের বিপক্ষে এক ম্যাচ মাঠের বাইরে ছিলেন তিনি। এবার অশোভন আচরণের দায়ে নতুন করে এই নিষেধাজ্ঞা যোগ হলো।

ইউনাইটেডের বিপদ আরও বাড়িয়েছেন লিসান্দ্রো মার্টিনেস। লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ডমিনিক কালভার্ট-লেউইনের চুল টেনে ধরায় লাল কার্ড পান তিনি। সহিংস আচরণের দায়ে তাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

যদিও ক্লাব কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে, তবে পিজিএমও প্রধান হাওয়ার্ড ওয়েব স্পষ্ট জানিয়েছেন যে, প্রতিপক্ষের চুল টেনে ধরা এখন থেকে সরাসরি সহিংস আচরণ হিসেবে গণ্য হবে।