১৬ এপ্রিল, ২০২৬
বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে মজুদ করা চার হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে পৌর এলাকার টিপুর মোড়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌস।
জব্দকৃত তেল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে জনসাধারণের মাঝে সরকারি মূল্যে বিক্রি করা হচ্ছে। বিক্রি শেষে টাকাগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই লাইসেন্স বা সরকারি অনুমোদন ছাড়াই খোলা বাজারে খুচরা ডিজেল, পেট্রোল এবং অকটেন বিক্রি করে আসছে উপজেলার পৌর এলাকার টিপুর মোড়ে লোপা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী লোকমান হাকিম। ইরান-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর তিনি তার দোকানে তেল বিক্রি বন্ধ করেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে লোপা এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করে সারিয়াকান্দি উপজেলা প্রশাসন। অভিযানে আনুমানিক চার হাজার লিটার ডিজেল জব্দ করা হয়
বৃহস্পতিবার সকাল থেকে জব্দকৃত ডিজেলগুলো জনসাধারণের মাঝে সরকারি মূল্য বিক্রয় করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আনুমানিক চার হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। পরে জনসাধারণের মাঝে সরকারি মূল্যে বিক্রি করা হচ্ছে।
তেল বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হবে। বাজারে যেন তেলের কৃত্রিম সংকট তৈরি না হয়। সে কারণে অবৈধভাবে মজুদদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।