১৭ এপ্রিল, ২০২৬
কুমিল্লার হোমনায় অটোরিকশায় থাকা এক দম্পতির পথরোধ করে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বৃহস্পতিবার হোমনা থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় আশিকুর রহমান নামের এক যুবককে প্রধান আসামি করা হয়েছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ওই নারী ও তার স্বামী হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় থাকেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা অটোরিকশায় তিতাস উপজেলায় বাবার বাড়ি যাচ্ছিলেন। কৃষি কলেজ এলাকা পার হওয়ার পর ওপারচর গ্রামের আশিকুর রহমান (২৪) ও তার সহযোগীরা দুটি মোটরসাইকেল নিয়ে তাদের পথরোধ করে।
অভিযুক্তরা দম্পতিসহ অটোরিকশাটি একটি নির্জন ইটের রাস্তায় নিয়ে যায়। সেখানে আশিকুর রহমান ও তার দুই সহযোগী নারীকে আটকে রাখে এবং অন্যরা তার স্বামী ও চালককে দূরে সরিয়ে নেয়। এ সময় আশিকুর রহমান ওই গৃহবধূকে ধর্ষণ করেন।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. শহিদ উল্লাহ জানান, বুধবার রাত ৩টার দিকে ওই নারী ও তার স্বামী হাসপাতালে আসেন। পরে পুলিশি সহায়তা নেওয়া হয়। তাকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
ওসি টমাস বড়ুয়া জানান, অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধান অভিযুক্তসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।