ফুলবাড়ীতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

১৮ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের একটি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় দাবি না মানলে পৌরসভা ঘেরাও, সড়ক অবোরধসহ পৌর ট্যাক্স না দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

শুক্রবার দুপুরে ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জনান, পৌর শহরের পশ্চিম গৌরিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের নিমতলা মোড় মুন্সি হোটেল থেকে টাওয়ারের মোড় পর্যন্ত বউবাজার সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষাকালে সড়কের ওপর পানি জমে থাকে। এতে চরম ভোগান্তি পোহাতে হয়। বারবার পৌর কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও তারা কোনো দাবিই আমলে নেয়নি।

বক্তারা পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সড়ক সংস্কার বাস্তবায়নের ঘোষণা না দিলে পৌরসভা ঘেরাও, সড়ক অবোরধসহ বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে। সেইসঙ্গে সড়ক সংস্কার না হওয়া পর্যন্ত পৌর ট্যাক্স দেওয়া হবে না বলেও ঘোষণা দেন আন্দোলনকারীরা।

বিষয়টি নিয়ে ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম বলেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার এই কাজগুলো হয়ে থাকে। চাহিদা দেওয়া আছে। অনুমোদন এবং অর্থ বরাদ্দ হয়ে এলেই কাজ শুরু হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর আবুল বাশার, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজমিলুর রহমান নয়ন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজার রহমান, এস এম নুরুজ্জামান, ফুলবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ, ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হক খোকনসহ অনেকে।