এভারটনের মাঠে লিভারপুলকে জয় এনে দিলেন ফন ডাইক

২০ এপ্রিল, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে হেরে বিদায় নেয়ার হতাশা কাটিয়ে লিভারপুল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লিগে। রোববার (১৯ এপ্রিল) মার্সিসাইড ডার্বিতে এভারটনকে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় আর্নে স্লটের দল।

হিল ডিকিনসন স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ভালোই করেছিল এভারটন। ষষ্ঠ মিনিটে বেতোর হেড দুর্দান্ত সেভে রুখে দেন জিওর্জি মামারদাশভিলি। এরপর ২৫ মিনিটে জেমস তারকোভস্কির হেডও ঠেকান এই গোলরক্ষক। ২৭ মিনিটে ইলিমান এনজাই বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।

এরপরই ম্যাচে ঘুরে দাঁড়ায় লিভারপুল। ২৯ মিনিটে প্রতিপক্ষের ভুলে সুযোগ পেয়ে মোহাম্মদ সালাহ সহজেই গোল করে দলকে এগিয়ে দেন। বিরতির আগে আরও কিছু সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে এভারটন। কিয়েরনান ডিউসবুরি-হলের ক্রসে কাছ থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন বেতো। এরপর ম্যাচে কিছুটা ছন্দপতন ঘটে, দুই দলই তেমন বড় সুযোগ তৈরি করতে পারেনি।

তবে যোগ করা সময়ে নাটকীয়তা অপেক্ষা করছিল। নির্ধারিত সময়ের শেষ দিকে একটি দারুণ সুযোগ নষ্ট করার পরও হাল ছাড়েনি লিভারপুল। অবশেষে ইনজুরি টাইমের দশম মিনিটে ভার্জিল ফন ডাইক কর্নার থেকে অসাধারণ হেডে জয়সূচক গোলটি করেন।

৩৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিভারপুল পাঁচ নম্বরে অবস্থান করছে, আর ৪৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে এভারটন।