নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, গুলিতে আহত ৪

২০ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি পরিচয়ে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়দের বাধার মুখে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করলে একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

রবিবার দিবাগত গভীর রাতে ফতুল্লার কুতুবপুর পশ্চিম রসুলপুর ভাঙ্গারপুল এলাকায় সুমন মিয়ার ফ্লেক্সিলোডের দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুই দিন আগে শামীম ওরফে জুয়েল নামে আটক ব্যক্তি সুমনের দোকান থেকে দুই হাজার টাকার ফ্লেক্সিলোড নিয়ে টাকা পরিশোধ করতে পারেননি।

পরে সুমন তাকে আটকে রেখে টাকা আদায় করে ছেড়ে দেন। এর জের ধরে রোববার রাতে প্রতিশোধ নিতে শামীমসহ ৪–৫ জন যুবক দুটি মোটরসাইকেলে করে দোকানে আসে।

এ সময় তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সুমনকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করে। স্থানীয় আনোয়ার হোসেন তাদের পরিচয়পত্র দেখতে চাইলে দুর্বৃত্তরা তার দিকে পিস্তল তাক করে পালানোর চেষ্টা করে।

এ সময় স্থানীয়রা তাদের ঘিরে ফেললে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়।

গুলিতে আমির হোসেন নামে একজন গুরুতর আহত হন। এছাড়া আরও তিনজনের শরীরের বিভিন্ন অংশ ঘেঁষে গুলি লাগে, এতে তারাও আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে শামীম ওরফে জুয়েলকে মোটরসাইকেলসহ আটক করে গণধোলাই দেন। অন্যরা অস্ত্রসহ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করে এবং আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, চারজন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন, যার মধ্যে আমির হোসেনের অবস্থা গুরুতর। আটক ব্যক্তি নিজের নাম কখনো শামীম, কখনো জুয়েল বলে পরিচয় দিচ্ছেন।

তাকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার কাছ থেকে অন্য জড়িতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।