২১ এপ্রিল, ২০২৬
বরিশালের অভয়াশ্রমে মাছ শিকার বন্ধে প্রথমবারের মতো সুবিধাভোগী জেলেদের মাঝে আটা, ডাল, তেল, চিনি, আলু ও লবণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) জেলার হিজলা উপজেলার জেলেদের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
মৎস্য দপ্তর জানিয়েছে, জেলার তিন উপজেলায় তিন নদীর আওতায় ৮২ কিলোমিটার এলাকা অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। অভয়াশ্রমে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সকল ধরনের মাছ শিকার বন্ধ রয়েছে। তিনটি নদী হলো-মেঘনা, গজারিয়া ও কালাবদর। অভয়াশ্রম এলাকায় জাটকাসহ সকল ধরনের মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও জেলার সকল নদীতে জাটকা শিকার বন্ধে মানবিক সহায়তা হিসেবে চারমাস করে চাল পাচ্ছে জেলেরা।
একই সঙ্গে প্রথমবারের মতো তিন উপজেলার ৬ হাজার ৬০০ জেলের প্রত্যেকে ১২ কেজি আটা, ৮ কেজি ডাল, ১০ লিটার সয়াবিন তেল, ১৬ কেজি আলু, ৪ কেজি করে চিনি এবং লবণ দেওয়া শুরু হয়েছে। দুইমাস এ সহায়তা পাবে তারা। এর মধ্যে হিজলা উপজেলায় দুই হাজার, মেহেন্দিগঞ্জ উপজেলায় চার হাজার ও সদর উপজেলায় ৬০০ জেলে এ সহায়তা পাবেন।
বরিশালের হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, আজ থেকে আটা, ডাল, তেল, আলু, চিনি ও লবণ দেওয়া শুরু হয়েছে। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এ সময় হিজলা উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি শাহজাহান রেজাসহ ক্ষমতাসীন দলের নেতারা উপস্থিত ছিলেন।