গাইবান্ধায় বেশি দামে তেল বিক্রির অভিযোগে জরিমানা

২২ এপ্রিল, ২০২৬

গাইবান্ধায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি ও মেয়াদোত্তীর্ণ নারিকেল তেল সংরক্ষণের অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় মেয়াদোত্তীর্ণ নারিকেল তেল ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প যৌথ অভিযান পরিচালনা করে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের পূর্বপাড়া এলাকার মেসার্স হক ট্রেডার্সকে মেয়াদোত্তীর্ণ নারিকেল তেল সংরক্ষণের দায়ে ৮ হাজার টাকা জরিমানা এবং গোডাউনে মজুদ থাকা নষ্ট তেল জব্দ করে তা ধ্বংস করা হয়।অন্যদিকে শহরের ব্রিজ রোড এলাকার মেসার্স কাজল ট্রেডার্সকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাদের সবাইকে সতর্ক করে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্বদানকারী র‌্যাব-১৩ গাইবান্ধার (ভারপ্রাপ্ত) কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণসহ র‌্যাবের অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন।