২২ এপ্রিল, ২০২৬
লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্ত এলাকায় পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, মদসহ বিভিন্ন চোরাচালান মালামাল জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার ও বুধবার সীমান্তের স্পর্শকাতর কয়েকটি এলাকায় চারটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল বিওপির উত্তরপাড়া ও অনন্তপুর বিওপির বেন্নীরতল এলাকায় গভীর রাতে অভিযান চালানো হয়।
একই সময়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঝাউরানী বিওপির খামারভাতি এবং আদিতমারী উপজেলার দুর্গাপুর বিওপির শুটিবাড়ি এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বস্তাভর্তি মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৪.২ কেজি ভারতীয় গাঁজা, ৩৩ বোতল মদসহ বিভিন্ন চোরাচালান সামগ্রী উদ্ধার করা হয়।
১৫ বিজিবির তথ্য অনুযায়ী, জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ১৯ হাজার ৭০০ টাকা এবং মদের মূল্য ৪৯ হাজার ৫০০ টাকা।
অন্যান্য সামগ্রীসহ মোট জব্দকৃত পণ্যের মূল্য দাঁড়ায় প্রায় ৩ লাখ ৭ হাজার ৩৫০ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা ও মাদক-চোরাচালান দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।