রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

২৫ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বালু দক্ষিণপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বালু দক্ষিণপাড়া গ্রামটি দীর্ঘকাল ধরে অবহেলিত। হেলাল উদ্দিনের বাড়ি থেকে মধুর বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটারের সড়ক সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে রাস্তাটিতে কোনো রিকশা বা অ্যাম্বুলেন্সও চলাচল করতে পারে না। ফলে প্রসূতি মা ও মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিতে অবর্ণনীয় কষ্ট পোহাতে হয়। বর্ষা মৌসুমে স্কুল-কলেজের শিক্ষার্থীদের হাঁটু সমান কাদা মাড়িয়ে স্কুল-কলেজে যেতে হয়। অনেক সময় জামা-কাপড় নষ্ট হয়ে যাওয়ায় তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারে না।

এছাড়া রাস্তাটি কাঁচা ও ভাঙাচোরা হওয়ায় কৃষিপণ্য পরিবহণেও কৃষকদের দ্বিগুণ খরচ হচ্ছে। ৭ মাস আগে রাস্তা নির্মাণের কাজ শুরু হলেও তা আরও আলোর মুখ দেখেনি।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা রাস্তাটি করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর কেউ আর খোঁজ নেন না। উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের কাছে একাধিকবার গেলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এ সময় দ্রুত সময়ের মধ্যে রাস্তা নির্মাণের পদক্ষেপ না নিলে, উপজেলা পরিষদ ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।