ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

২৫ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়ারলেস এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় হাফেজ মাওলানা আমিরুল ইসলাম (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী ও মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।

শুক্রবার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ওয়ারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম উপজেলার রহমতাবাদ এলাকার বাসিন্দা ও হাফেজ আবু জাফরের ছেলে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমিরুল ইসলাম চট্টগ্রামমুখী লেনে একটি মাদরাসার সামনে মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।