২৭ এপ্রিল, ২০২৬
খুলনা প্রেস ক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। হামলার খবর পেয়ে বিভিন্ন জায়গা থেকে সাংবাদিকরা প্রেসক্লাবে ছুটে আসেন। তাৎক্ষণিক ক্ষুব্ধ সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল দুর্বৃত্ত হঠাৎ করে প্রেস ক্লাবে ঢুকে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ায়। পূর্ব থেকে খুলনা প্রেস ক্লাবে নির্বাচনে প্রচারণা চলছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সভাপতি প্রার্থী মোস্তফা সরোয়রের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকে। এর মধ্যে এখন টেলিভিশন, খুলনার বিশেষ প্রতিনিধি ও সময়ের খবরের সম্পাদক তরিকুল ইসলামের ওপর হামলা করে। এতে কয়েকজন সাংবাদিক আহত হয়। পরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ সাংবাদিকরা। এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা।
তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে।
সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানানো হয়।
বিক্ষোভ সঞ্চালনা করেন দৈনিক সমকালের স্টাফ রিপোর্টর হাসান হিমালয়। বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নির্বাহী সদস্য জিয়াউস সাদাত প্রমুখ।