২৭ এপ্রিল, ২০২৬
কক্সবাজারে বিজিবির মাদকবিরোধী অভিযানে পেটের ভেতর লুকিয়ে পাচারের চেষ্টা করা ৩ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।
সোমবার দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ রেজুখাল চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির তল্লাশি দল টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই যাত্রী মো. আয়াস (২১) ও আব্দুর রহমান (২১)-কে আটক করে। তারা উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-০৯ এর বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়াস স্বীকার করে যে, তার পেটের ভেতরে ইয়াবা ট্যাবলেট রয়েছে এবং আব্দুর রহমান তাকে সহযোগিতা করছিল। পরে বিশেষ পদ্ধতিতে তার পায়ুপথ দিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে রামু থানায় সোপর্দ করা হয়েছে